সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান: চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায়
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৫
স্বপ্নভূমি ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানী ঢাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন।
ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণ ঘিরে দক্ষিণ প্লাজাজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। পুরো এলাকাকে চার স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে স্ট্যান্ডবাই রাখা হয়েছে সোয়াট ও কেনাইন ইউনিট। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসভবন থেকে সংসদ ভবন পর্যন্ত যাতায়াতের পুরো রুটে বিশেষ নিরাপত্তা ও প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা নেই, তবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। আমন্ত্রিত অতিথিদের মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন প্রবেশপথ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :