বিজয়নগরকে হারিয়ে গোল্ডকাপ চ্যাম্পিয়ন বীর নারায়ণপুর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ৬:২৯
নিজস্ব প্রতিবেদক
উপজেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ নতুন ইতিহাস গড়ল বীর নারায়ণপুর তের আউলিয়া তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। রোববার (৩ মে) বিকেলে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে তারা শক্তিশালী বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও প্রথমার্ধেই লিড নেয় বীর নারায়ণপুর দল। ম্যাচের অন্যতম নায়ক বর্ষা ঘোষ অসুস্থতা নিয়েও অদম্য সাহসিকতার পরিচয় দেন এবং একাই দুটি দর্শনীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। অপরদিকে বিজয়নগর দল একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বীর নারায়ণপুরের গোলরক্ষক মুনতাসিয়া তুজ্জামানের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি তারা। মুনতাসিয়ার চমৎকার কিছু সেভ উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এই ম্যাচ ঘিরে পুরো বিরামপুর মাঠে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিক্ষার্থীদের উল্লাস, দর্শকদের করতালি আর গগনবিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে খেলার মাঠ। শিক্ষক, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।
যশোর সদর ইনস্ট্রাক্টর (ইউআরসি) রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহারিয়ার হক। তিনি বিজয়ীদের হাতে শিরোপা তুলে দিয়ে বলেন, “আজকের এই শিশুরাই আগামী দিনের সম্পদ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সা. সাইফুল আলম।
টুর্নামেন্টে সাতটি ম্যাচের সবকটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ষা ঘোষ বলে, “অসুস্থ থাকলেও দলের জন্য নিজের সেরাটা দিতে চেয়েছি। চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে।” সহকারী শিক্ষক মারুফ হোসেন জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফসল এই সাফল্য।
খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। পুরো টুর্নামেন্টে চমৎকার ধারাভাষ্য প্রদান করেন হাফিজুর রহমান ও আল ইমরান।
আপনার মতামত লিখুন :