• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ বিজিবির হাতে পাচারকারী আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

যশোরে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।


বুধবার (১২ আগস্ট) ভোর পৌনে ৪টায় যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুটিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় নয়নের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার শরীর থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নয়ন স্বীকার করেছে, উদ্ধারকৃত স্বর্ণের বারটি ঢাকা থেকে সংগ্রহ করে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।


ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।


আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত স্বর্ণ ও মালামালসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।