‘সংসদে আমি নিরপেক্ষ আম্পায়ার’ - স্পিকার হাফিজ উদ্দিন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬, ১০:২৩
স্টাফ রিপোর্টার :
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, "জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্রতম স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।" এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
সংসদ কেমন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার তার কঠোর নিরপেক্ষ অবস্থানের কথা জানান। তিনি বলেন, "সংসদ পরিচালনায় আমার ভূমিকা হবে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো। আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং এর প্রমাণ হিসেবে ইতোমধ্যে দল থেকে পদত্যাগ করেছি।"
তিনি আরও যোগ করেন, যারা গত ১৭ বছর মাফিয়া ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের অধীনে সংসদ হবে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের মূল কেন্দ্রবিন্দু।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে সকল দলের ত্যাগের কথা স্মরণ করে স্পিকার বলেন, "বিরোধী দলের প্রতি আমার যথেষ্ট সহনশীলতা ও সম্মান রয়েছে। সংসদীয় কার্যক্রমে বিরোধী দল তাদের ন্যায্য ও পর্যাপ্ত সুযোগ পাবে।"
সাভার থেকে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :