কেশবপুরে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ইউএনও, চাইলেন দোয়া
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মী ও কেশবপুরের মানুষের ভালোবাসার স্মৃতি স্মরণ করে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অশ্রুসিক্ত নয়নে ও ভারী কণ্ঠে বিদায় জানান এই কর্মকর্তা।
জানা গেছে, ২০২৫ সালের ১৭ মার্চ কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন রেকসোনা খাতুন। প্রায় দেড় বছরের দায়িত্ব পালনকালে মানবিকতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও গভীর ভালোবাসা অর্জন করেন।
দায়িত্ব পালনকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি সেবার মানোন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ ও সহজ যোগাযোগের সুযোগ তাঁকে এক আলাদা পরিচিতি এনে দেয়।
বিদায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় পরিবেশ অত্যন্ত আবেগঘন হয়ে ওঠে এবং উপস্থিত অনেকের চোখেই অশ্রু দেখা যায়।
বিদায়ী ইউএনও রেকসোনা খাতুন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "কেশবপুরে দায়িত্ব পালন আমার কর্মজীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এখানকার মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতার কথা আমি কখনো ভুলব না। কর্মজীবনের তাগিদে কেশবপুর ছাড়তে হলেও এখানকার মানুষ ও স্মৃতি আমার হৃদয়ে চিরকাল থাকবে।"
বিদায়বেলায় তিনি কেশবপুরের সার্বিক কল্যাণ কামনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। দায়িত্বের তাগিদে রেকসোনা খাতুন কেশবপুর ছেড়ে গেলেও তাঁর মানবিকতা ও আন্তরিকতার কথা কেশবপুরবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আপনার মতামত লিখুন :