সোনার দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ২,২১৬ টাকা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮
অর্থনৈতিক প্রতিবেদক:
দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ মানভেদে প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বাজুস সূত্রে জানানো হয়, সোমবার সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগে গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৯৭৪ টাকায়।
আপনার মতামত লিখুন :