গায়ক নোবেল গ্রেপ্তার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭
স্বপ্নভূমি ডেস্ক :
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন। সেখানে অবস্থানকালে ওই তরুণীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন তিনি। এই ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে (PBI) দায়িত্ব প্রদান করে।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের সত্যতা যাচাই করে আদালত ওই দিনই মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। ডেমরা থানা পুলিশকে এই পরোয়ানা তামিল করার নির্দেশ দেওয়া হয়।
ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাকে আদালতে সোপর্দ করা হবে।"
উল্লেখ্য, এর আগেও মাদক সেবন, স্টেজে অসংলগ্ন আচরণ এবং বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের কারণে একাধিকবার আইনি ঝামেলায় জড়িয়েছেন এই কণ্ঠশিল্পী।
আপনার মতামত লিখুন :