জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ভর্তি পরীক্ষা আজ: ১৩৮ কেন্দ্রে লড়বেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫
স্টাফ রিপোর্টার :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ৩১টি বিষয়ের বিপরীতে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সারা দেশের ৮৮০টি কলেজে এসব উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
যে সকল পরীক্ষার্থী ২৪ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত এমন পরীক্ষার্থীরা তাদের প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং এসএমএস-এ প্রাপ্ত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে হাজিরা পত্রের ছবির সঙ্গে আবেদন ফরমের ছবির মিল না থাকলে কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়া, যাদের আবেদন সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চয়ন করা হয়নি, তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সময় থাকবে ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থী ১ নম্বর পাবেন।
- মানবন্টন: বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শাখাভিত্তিক বিষয়ে (৪০) নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
- পাস নম্বর: ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে।
- মেধাতালিকা: ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি’র জিপিএ থেকে ৪০ শতাংশ এবং এইচএসসি’র জিপিএ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি পালনীয়:
১. প্রবেশপত্র অবশ্যই এ-ফোর (A4) সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. উত্তরপত্রে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে; পেনসিল বা অন্য রঙ নিষিদ্ধ।
৪. মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. উত্তরপত্রে (OMR Sheet) কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে উত্তরপত্র বাতিল হবে।
৬. পরীক্ষার সময় প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।
উল্লেখ্য, এবারের পরীক্ষায় ওএমআর শিট এবং হাজিরা পত্রে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো প্রকার জালিয়াতি বা ছবির টেম্পারিং ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :