চৌগাছায় এক ব্যক্তিকে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬, ১৪:৪৯
স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার কারণে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রেজাউল করিম চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা এবং মহব্বত আলীর ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে চৌগাছা উপজেলার সিংরা গলি এলাকা থেকে রেজাউল করিমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে লস্করপুর এলাকায় অভিযুক্তদের বাড়ির সামনে নিয়ে তাকে মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার কারণে লস্করপুর গ্রামের রাশেদ (৩৮) ও ইকবাল (৩৫) নামের দুই ব্যক্তি রেজাউল করিমকে আটকে রেখে একটি আই পাইপ দিয়ে তার দুই হাতে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার দুই হাতের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, আহত রেজাউল করিমের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :