যশোরে বন্ধ ঘরে জখম যুবক উদ্ধার, রুমমেট পলাতক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৪:০৩
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবককে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আশপাশের লোকজন ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আকাশ মাগুরা সদর উপজেলার আরিফের ছেলে এবং বর্তমানে একটি মোবাইলের দোকানে কর্মরত।
স্থানীয়রা জানান, আকাশ ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মুমিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসায় তার সঙ্গে শফিকুল নামে অপর এক যুবকও থাকতেন। ধারণা করা হচ্ছে, সোমবার কোনো এক সময় দুর্বৃত্তরা বা রুমমেট তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে আততায়ীরা কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সারাদিন আকাশের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা এসে তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আকাশকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আকাশের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি এখনও অচেতন রয়েছেন।
ঘটনার পর থেকে আকাশের রুমমেট শফিকুল পলাতক থাকায় এ ঘটনায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে খুঁজছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখতে মাঠে নেমেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :