কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ অগাস্ট ২০২৬, ৬:৫৩
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। সোমবার
বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে
উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার
মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না
দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে
পড়ছে। যে কারণে খবর পেয়ে সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অভিযান চালিয়ে বিলের
পানি থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের আনুমানিক তিন হাজার মিটার চায়না দুয়ারি
জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায়
জনসম্মুখে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস এবং বিনষ্ট করা
হয়েছে।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ
ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ
চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান
পরিচালনা করা হয়েছে। যে সমস্ত জলাশয়ে অবৈধ জাল পাচ্ছি সেটা জব্দ করে
বিনষ্ট করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে’।
আপনার মতামত লিখুন :