• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব সভাপতি-সম্পাদককে শুভেচ্ছা: যশোর এনসিপির ২ নেতাকে শোকজ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শোকজ পাওয়া দুই নেতা হলেন—জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী বায়েজিদ হুসাইন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে 'ছাত্রশক্তি'র নেতাকর্মীদের সাথে নিয়ে ওই দুই নেতা যশোর প্রেসক্লাবে গিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। তবে দলীয় ফোরামে আলোচনা বা আগাম সিদ্ধান্ত ছাড়াই এমন কর্মসূচিতে অংশ নেওয়ায় পরদিন ২৭ সেপ্টেম্বর রাতে জেলা এনসিপির দপ্তর সম্পাদক তপু ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় সমন্বয় ছাড়া ব্যক্তিগত উদ্যোগে প্রেসক্লাব নেতাদের শুভেচ্ছা জানানোর এই ঘটনায় দল ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান জানান, দলীয় শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করতেই ওই দুই দায়িত্বশীল নেতাকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি আরও জানান, বিষয়টি পরবর্তীতে কেন্দ্রীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যস্থতায় অভ্যন্তরীণভাবে সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।