যশোরে ১০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও দুস্থদের স্বাবলম্বীকরণ সামগ্রী দিলো ‘জিএসকেএস’
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৩:৩১
স্টাফ রিপোর্টার :
যশোরে সুবিধা বঞ্চিত ১০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)। একই সাথে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ এবং স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে জিএসকেএস-এর ১৫তম বার্ষিক এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক এবং সংগঠনের কোষাধ্যক্ষ এম. আই. নয়ন।
- শিক্ষার্থীদের সহায়তা: ১০০ জন দরিদ্র শিক্ষার্থীকে দেওয়া হয় স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, খাতা ও কলম। এছাড়া দু’জন কারিগরি শিক্ষার্থীকে দেওয়া হয় এককালীন শিক্ষাবৃত্তি।
- কর্মসংস্থান ও পুনর্বাসন: একজন অসহায় ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি, তিনজন নারীকে ব্যবসার উপকরণ, একজন প্রতিবন্ধী রিকশাচালককে গাড়ি মেরামতের নগদ অর্থ এবং একজন অসচ্ছল নারীকে ঘর মেরামতের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সংস্থার দাতা সদস্য সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, “সমাজ থেকে মাদক ও দারিদ্র্যের কারণে প্রতিবছর অনেক মেধাবী শিশু ঝরে পড়ছে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এবং মানুষকে স্বাবলম্বী করতে জিএসকেএস-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভালো যেকোনো সামাজিক কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, এবারের কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘পঙ্গু হাসপাতাল, যশোর’। এ ছাড়া সহযোগী স্পন্সর হিসেবে পাশে ছিল রবি গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম সেন্টার, রয়েল ইলেকট্রনিক্স, লিবার্টি সু, জুস বক্স এবং মোস্তফা মোবাইল পার্টস হাউজ।
আপনার মতামত লিখুন :