• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নকল লুব্রিকেন্ট তৈরির কারখানায় অভিযান, মালিক আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ১৪:০৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পুরাতন কসবা এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল লুব্রিকেন্ট ও ফুয়েল বুস্টার তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় কারখানা মালিক অর্ণব খানকে (২৮) আটক করা হয়েছে। তিনি পুরাতন কসবা কাজী পাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার এসআই জুয়েল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পুলিশ পুরাতন কসবা কাজী পাড়া এলাকার একটি ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বসতবাড়ির ভেতরেই গড়ে তোলা হয়েছে ভেজাল লুব্রিকেন্ট তৈরির কারখানা। সেখান থেকে ২৩টি লুব্রিকেন্টের বোতল, ২৫টি খালি বোতল, ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল এবং প্রায় এক হাজার খালি বোতল জব্দ করা হয়।

এছাড়া তল্লাশিকালে দুটি হাইড্রোলিক তেলের ড্রাম, ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল, বিপুল পরিমাণ বিভিন্ন নামী ব্র্যান্ডের নকল স্টিকার এবং লুব্রিকেন্ট তৈরির কাজে ব্যবহৃত মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র ও একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিন জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক অর্ণব দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারে সরবরাহ করে আসছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার বিকেলে আটক অর্ণব খানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।