পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬, ১১:৪১
স্বপ্নভূমি ডেস্ক :
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দীপেন দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি)।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, "আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তিনি নিজের পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন। এ কারণে বিনীতভাবে তাঁর পদত্যাগপত্রটি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :