• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন শীর্ষ নেতারা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ০৭:০৭
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তাঁকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও এর আশপাশের সড়কগুলো এখন লাখো মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে এই শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। বিপুল এই জনস্রোতের দাফন প্রক্রিয়ায় যোগ দিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে এবং গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রবেশদ্বারে উপচে পড়া ভিড় দেখা গেছে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শোকের কালো পোশাক পরা বিপুলসংখ্যক মানুষ বন্ধ স্টেশনের গেটের সামনে জড়ো হয়ে ভেতরে ঢোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এসে গভীর আবেগে ভেঙে পড়েন দেশটির শীর্ষ নেতারা। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শ্রদ্ধা জানানোর সময় অঝোরে কাঁদেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই কান্নার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর প্রধানগণ, বিদেশি রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জননিরাপত্তার বিষয়ে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান গণমাধ্যমকে বলেন, “শহীদ নেতার এই বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করব। নির্ধারিত সূচি অনুযায়ী ঠিক সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।” এর আগে কোনোভাবেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি সাধারণ জনগণকে সময় পরিকল্পনা করে সভাস্থলে আসার আহ্বান জানান।