যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ১৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ৬:২৯
স্টাফ রিপোর্টার :
যশোরের পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশে দেশি-বিদেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।
সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে সারাদেশের সরকারি ও বেসরকারি ১১২টি মেডিকেল কলেজের সাথে একযোগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, “সরকার বর্তমান এমবিবিএস কারিকুলামকে আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে কাজ করছে।”
মন্ত্রণালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছ। তোমাদের শুধু ভালো চিকিৎসক নয়, বরং ভালো মানুষ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং অভিভাবকদের মতামত গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস, ফেজ-১ কো-অর্ডিনেটর ও বায়োকেমেষ্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদা সুলতানা সুমী এবং ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দেশি-বিদেশি অভিভাবকরা কলেজের একাডেমিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীরাও তাদের স্বপ্ন পূরণে মানবিক চিকিৎসক হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে মেডিকেল কলেজের ওপর নির্মিত একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও স্মরণিকা বিশ্বাস। অনুষ্ঠান শেষে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে নিয়ে গ্রুপ ফটো সেশনে অংশ নেন।
উল্লেখ্য, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে মোট ৭৫ জন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন, যার মধ্যে ৫৪ জন দেশি এবং ২১ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :