যশোরে জাতীয় যুবশক্তির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ০১:৫৯
যশোর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে যশোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ‘জাতীয় যুবশক্তি’। রোববার (১৪ জুন) বিকেলে শহরের দড়াটানা ভৈরব নদীর তীরের ইকো পার্কে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজও চলবে।”
তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
কর্মসূচির উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার সদস্য সচিব ফারহীন আহমেদ, মুখ্য সংগঠক মোহাম্মদ সোহানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইবনেস সাহাদ ও যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহাসিন তাইওয়ানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই অভিযানের আওতায় যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ এবং গুরুত্বপূর্ণ জনাকীর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হবে। শুধু চারা রোপণই নয়, গাছের সঠিক পরিচর্যা নিশ্চিতকরণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :