যশোরে ডায়মন্ড ও মুদ্রাসহ আটক সুজাউদ্দিন ও ফয়সালের রিমান্ড মঞ্জুর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ৬:২৯
নিজস্ব প্রতিবেদক
যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিদেশি মুদ্রাসহ আটক ভারতীয় নাগরিক সুজাউদ্দিন এবং ২২টি পাসপোর্টসহ আটক ফয়সাল হাওলাদার কলিন্সের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (৩ মে) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে এবং ফয়সাল যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শাহ আলম হাওলাদারের ছেলে।
গত ২ এপ্রিল যশোরের বিজিবি সদরের নতুন হাট বাজার এলাকা থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক), ৫ হাজার ৫শ’ ৩০ বাংলাদেশি টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ ভারতীয় রুপি, ৫শ’ ৫০ ইউএস ডলার এবং ২শ’ থাই বাথ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান খাঁন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, গত ২১ এপ্রিল যশোর শহরের রেল রোডস্থ সোনালী ব্যাংকের সামনের একটি শাড়ি হাউজে অভিযান চালিয়ে ফয়সাল হাওলাদারকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে বিদেশি মুদ্রা ও ২২টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী গত ২২ এপ্রিল আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। গতকাল শুনানি শেষে বিচারক তারও একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, রিমান্ডের মাধ্যমে এই চক্রের সাথে জড়িত আরও বড় কোনো যোগসূত্র বেরিয়ে আসবে।
আপনার মতামত লিখুন :