• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে WeCARE প্রকল্পের ১১.৩৭ কিমি সড়কের উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ১৫:০৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট (WeCARE) প্রকল্পের আওতায় নির্মিত ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সড়কের দুই পাশে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, WeCARE প্রকল্পের আওতাধীন ‘CW-01’ প্যাকেজের অধীনে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চুড়ামনকাটি গ্রোথ সেন্টার (জিসি) থেকে শুরু হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া হয়ে কায়েমখোলা গ্রোথ সেন্টার পর্যন্ত বিস্তৃত এ সড়কের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সড়ক চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকরা সহজেই তাদের উৎপাদিত কৃষিপণ্য বড় বাজারে পৌঁছে দিতে পারবেন।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যেই সড়ক উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডি ও WeCARE প্রকল্পের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন সড়কটি চালু হওয়ায় যশোর সদর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগকে পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।