ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দিবে অন্তর্বর্তী সরকার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২
স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এই প্রস্তাব পাঠানো হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তার মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
শফিকুল আলম বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে জাতিসংঘকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।"
এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও নিহতের পরিবারের সদস্যরা। তাদের দাবি ছিল—ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা ও আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাঁদের এই দৃঢ় অবস্থানের প্রেক্ষিতেই রাতেই সরকারের পক্ষ থেকে এই ইতিবাচক সিদ্ধান্ত এল।
নিহতের পরিবার ও সংগঠনের নেতারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :