যশোর-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ওপর হামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬, ৬:২৯
স্টাফ রিপোর্টার :
যশোরের মণিরামপুর উপজেলায় গভীর রাতে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী (পিএস) আ স ম ওবায়দুল্লাহর (৩৩) ওপর হামলা হয়েছে।
শনিবার (০২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার কাঁচাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত ওবায়দুল্লাহ পাড়িয়ালী গ্রামের বাছির আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে কাঁচাবাজার এলাকায় পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজে স্থানীয় বিএনপি কর্মী বাপ্পীকে (পিতা: আজগর) পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
হামলায় আরও ৪-৫ জন অংশ নেয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তার পায়ের হাড় ভেঙে গেছে।
এক্স-রে রিপোর্ট পাওয়ার পর অপারেশনের প্রয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :