• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মণিরামপুরে জামায়াতের ওপর হামলা ও গুলিবর্ষণ: এমপি গাজী এনামুল হকের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১১:০২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর মণিরামপুরে 

কোনো কারণ ছাড়াই জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপি নামধারী সন্ত্রাসীরা দুই দফা হামলা, কার্যালয় ভাঙচুর ও গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। শুক্রবার (১ মে, ২০২৬) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।


সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, মণিরামপুর বাজারে সংসদ সদস্যের বাসভবনের নিচে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল গাজী, সাইদুল ও এজাজুলের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। মাটির নিলামের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেও পরে তারা জামায়াত নেতাদের ওপর চড়াও হয়। এই হামলায় জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, জেলা শুরা সদস্য মাওলানা মহিউল ইসলামসহ অন্তত ১৫-২০ জন আহত হন।


সংসদ সদস্য গাজী এনামুল হক জানান, পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা ঢিলেঢালা মনোভাব দেখিয়েছে। পরবর্তীতে জামায়াত কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, রাত সাড়ে দশটার দিকে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে মণিরামপুর হাসপাতালের সামনে আবারও হামলা করা হয়। সেখানে নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আনাস নামে এক কর্মীর পায়ে বিদ্ধ হয়। লিয়াকত আলীকে রামদা দিয়ে কুপিয়ে জখম এবং আবু তালহা ও আব্দুল মুমিন নামে দুই কর্মীর পা পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমপি এনামুল হক আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, "চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ভাঙচুরকৃত কার্যালয়ের ক্ষতিপূরণ দিতে হবে。 দাবি মানা না হলে পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।"


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন,  মনিরামপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, আবু সালের মোঃ ওবায়দুল্লাহ, আব্দুল্লাহ মোড়ল, গাজী মকিতুল হক,  অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ প্রমুখ।