• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে কৃষকদের জন্য চালু হলো ‘ফুয়েল কার্ড’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ৬:৩০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
চলতি মৌসুমে বোরো ধান ও সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদন করতে যশোরের কৃষকদের জন্য ফুয়েল কার্ড’ চালু করেছে জেলা কৃষি বিভাগ। মূলত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং কৃষকদের ভোগান্তি কমাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যশোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ডিজেল নিয়ে সমস্যা সমাধানে সরাসরি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কার্ড বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কৃষকের জমির পরিমাণ যাচাই করে এই কার্ডের মাধ্যমে সর্বনিম্ন ১ লিটার থেকে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হচ্ছে।
কার্ডধারী কৃষকরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা বা হয়রানি ছাড়াই তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

আড়পাড়া গ্রামের কৃষক তুহিন হোসেন বলেন, তার নিজের ৫ বিঘা জমি আছে। গতকাল সে হাশিমপুর তেল পাম্পে গিয়েছিলেন। সেখান থেকে তাকে জানানো হয় যে, ফুয়েল কার্ড ছাড়া কোনো কৃষককে বতলে করে তেল দেওয়া হবে না। তেল পাওয়ার জন্য কৃষককে পাম্পে ফুয়েল কার্ড নিয়ে যেতে হবে। তাই তিনি ফুয়েল কার্ড নিতে এসেছেন।

অপর একজন কৃষক শেখহাটি গ্রামের গাজী মাহমুদ হাসান বলেন, তিনি তার জমিতে সবজি ও অন্যান্য ফসল চাষ করেন। চাষাবাদের জন্য তিনি মিনি পাওয়ার টিলার ব্যবহার করেন। এই পাওয়ার টিলারটি চালানোর জন্য পেট্রোল বা অকটেনের প্রয়োজন হয়। তিনি যখন পেট্রোল পাম্পে ড্রাম নিয়ে তেল কিনতে যান, তখন পাম্প কর্তৃপক্ষ তাকে তেল দিতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যে, ড্রামে করে তারা তেল বিক্রি করবে না। এই সমস্যার সমাধানের জন্য তিনি কৃষি অফিসের দ্বারস্থ হন। কৃষি অফিস থেকে তাকে একটি ফুয়েল কার্ড দেওয়া হয়। এই কার্ডটি ব্যবহার করে তিনি এখন পাম্প থেকে তার প্রয়োজনীয় পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন।

সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপশহর ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার আবু সাদ মোহাম্মদ আরিফ বলেন, বর্তমান দেশে তেলের বিষয়ে একটি সংকটের খবর ছড়িয়েছে, আসলে দেশে তেলের কোনো সংকট নেই। তবে কৃষকরা সামান্য বিপাকে পড়েছেন। তেল পাম্পগুলো প্রকৃত কৃষকদের চিনতে পারছেন না। যার কারণে আমাদের ডিসি স্যারের নির্দেশে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদের "ফুয়েল কার্ড" বিতরণ করছি। আমাদের কাছে প্রকৃত কৃষকদের তালিকা ও তাদের ব্যবহৃত কৃষি যন্ত্রপাতির তালিকা রয়েছে। কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও মিনি পাওয়ার টিলারের মতো কিছু যন্ত্র ডিজেলে চলে, আবার কিছু যন্ত্র পেট্রোল বা অকটেনে চলে। যেহেতু আমাদের কাছে কৃষকদের তালিকা রয়েছে সে অনুযায়ী আমরা কৃষকদের নির্বাচন করছি। যদি কোনো কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমরা ব্যক্তিগতভাবে ওই এলাকায় গিয়ে কৃষকের আইডি কার্ড, বর্তমান ঠিকানা এবং জমির যাবতীয় তথ্য যাচাই বাছাই করে তাদের ফুয়েল কার্ড দিচ্ছি। আমরা চাই না কৃষকরা কোনো হয়রানির শিকার হোক। বর্তমান পরিস্থিতিতে বোতলে পেট্রোল ও অকটেন বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি নিয়ে পাম্পে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সে কারণে আমরা ফুয়েল কার্ডে বিশেষভাবে উল্লেখ করে দিচ্ছি যে এগুলো পেট্রোল বা অকটেন চালিত। এর ফলে কৃষকরা সহজেই তেল পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন।