• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬, ১৭:২২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :​ যশোরে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র‍্যালি ও ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ​আজ শুক্রবার বেলা ১১টায় দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এতে শিয়া সম্প্রদায়ের কয়েকশত অনুসারী অংশ নেন। ​সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের হয়। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা ও আরএন রোড প্রদক্ষিণ করে। পরে এটি শহরতলীর মুড়লীমোড়স্থ ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে সমবেত হয়ে ভক্ত ও মুসল্লিরা ‘জিয়ারত আশুরা’ পাঠ করেন। ​মিছিলে অংশগ্রহণকারী শিয়া মুসল্লিরা কালো পোশাক পরিধান করে ‘হায় হাসান, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করেন। ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে তারা বুক চাপড়ে গভীর শোক ও অনুশোচনা প্রকাশ করেন। ​পুরো কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছিল নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ​উল্লেখ্য, ১০ই মহররম মুসলিম বিশ্বে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম শাহাদাতের স্মরণে আশুরা দিবস হিসেবে পালিত হয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে এই দিনটি অত্যন্ত শোকাবহ, তাৎপর্যময় ও আবেগঘন।