বন্যার্তদের ত্রাণ পাঠাল জেলা ইমাম পরিষদ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬, ১৬:১৫
স্টাফ রিপোর্টার :
যশোরবাসীর পক্ষ থেকে সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত বৃহত্তর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে জেলা ইমাম পরিষদ যশোরের একটি বিশেষ প্রতিনিধি দল।
আজ ৩১ জুলাই (শুক্রবার) বাদ জুমআ বায়তুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ১০ সদস্যের এই প্রতিনিধি দলটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন। যাত্রার পূর্বে জুমআর নামায শেষে বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং সফরের নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইমাম পরিষদের নেতৃবৃন্দ জানান, যশোরবাসীর দেওয়া এই আমানত ও ত্রাণ সামগ্রী চট্টগ্রামের প্রকৃত দুর্গত মানুষের হাতে সঠিকভাবে পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর।
সংগঠনের এই মানবিক ও উদ্ধারমূলক কাজের সফলতা কামনা করে সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা চেয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।
তাছাড়াও দোয়া ও সংহতি জানিয়েছেন পরিষদের উপদেষ্টা মুফতি মুজিবুর রহমান ও মাওলানা রুহুল আমিন; সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান; সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দিন, মুফতি শামসুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাযী, মাওলানা মাজহারুল ইসলাম এবং মুফতি কামরুল আনোয়ার নাঈমসহ স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরাম।
প্রতিনিধি দলটি চট্টগ্রামে পৌঁছে সরাসরি উপদ্রুত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :