• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

লিটন-মিরাজের শতক পেরোনো জুটিতে লিড ৪শ পার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২
ছবির ক্যাপশন:

ক্রীড়া প্রতিবেদক:
অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন কাটিয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার লিটন দাস। সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসেই দেখা পেয়েছেন ফিফটির। তার সাথে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অপরাজিত শতক পেরোনো জুটিতে ভর করে ইতোমধ্যে ৪৪৩ রানের বিশাল লিড সংগ্রহ করেছে বাংলাদেশ।

তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল সফরকারীরা। ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দল। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নামেন মিরাজ, যিনি তখনও রানের খাতা খোলেননি।

চতুর্থ দিনের প্রথম সেশনে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন লিটন। দুইবার ক্যাচ দিয়ে জীবন পেলেও সেটিকে পুরোপুরি কাজে লাগান তিনি। মাত্র ৬১ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম এবং চলতি ম্যাচে টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ধীরে কিন্তু সঙ্গবদ্ধভাবে অন্য প্রান্ত সামলে রাখেন মিরাজ। দুইজনের বুদ্ধিদীপ্ত জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর ৩০০ পেরিয়ে যায় এবং লিড ছাড়ায় ৪০০ রানের গণ্ডি।

এর আগে দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। আফগান লেগ স্পিনার কায়েস আহমেদের বলেই পরপর দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপে ফিল্ডার কামাল ক্যাচ মিস করেন এবং পরবর্তীতে কায়েস নিজেই ফিরতি ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হয়ে হাতে চোট পান।

লাঞ্চ বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৫৭ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন লিটন ও মিরাজ। লিটন ৮১ ও মিরাজ ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশ দলের সংগ্রাহ ৬ উইকেটে ৩৩৭ রান। সোমবার চতুর্থ দিনের প্রথম সেশনেই কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ১১৪ রান।

উল্লেখ্য, ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করার পর পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনের তোপে পড়ে আফগানিস্তান। তাদের চমৎকার বোলিংয়ে প্রথম ইনিংসে ২৪০ রানেই গুটিয়ে যায় আফগানরা।