‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আবারও রাজপথের প্রস্তুতি নিচ্ছি’, নাহিদ ইসলাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল ২০২৬, ১৩:১৪
স্বপ্নভূমি ডেস্ক :
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না জানিয়ে আবারও রাজপথে আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, "এটি কোনো দল বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানকে টিকিয়ে রাখার লড়াই।"
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, "এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে; আমরা দেখতে চাই তারা সংস্কার ও যোদ্ধাদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কী করছে।" তিনি অভিযোগ করেন, জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ বাস্তবায়নে বর্তমান প্রশাসনের মধ্যে এক ধরনের অনীহা পরিলক্ষিত হচ্ছে।
যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। আপনাদের মনের ভাষা আমরা বুঝতে পারছি। রাজপথের জন্য আমরা আবারও প্রস্তুত হচ্ছি। আপনারা সন্তান হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। এবার আর আপনারা সামনে নন, রাজপথে গুলি এলে তা আগে আমাদের বুকে লাগবে।"
বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, "ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই। কোনো অভ্যন্তরীণ শক্তি বা পরাশক্তি— যেই হোক না কেন, জুলাইয়ের অর্জন নস্যাৎ করতে চাইলে আমরা তাদের পরাজিত করে ছাড়ব।"
মতবিনিময় সভায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের আবেগঘন বক্তব্যে হলজুড়ে এক অন্যরকম আবহ তৈরি হয়। নাহিদ ইসলাম সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে যেকোনো পরিস্থিতিতে রাজপথে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :