মানবিক বিবেচনায় জামিনের পর যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮
স্টাফ রিপোর্টার, যশোর:
স্ত্রী-সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক বিবেচনায় যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। আজ বুধবার কারাগারে জামিনের আদেশ আসার পরে ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সি কিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার (অ: দা:) আসিফ উদ্দীন।
এর আগে, গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তার ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
জুয়েল হাসান সাদ্দাম ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম।বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে স্থান্তর করে কারা কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমকে হত্যার পর আত্মহত্যা করে স্ত্রী স্বর্ণালী।
গত ২৪ জানুয়ারি সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যায় তার স্বজনরা। কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী ও শিশু সন্তান নাজিমের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। সাদ্দামের প্যারোলে মুক্তি না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে হাইকোর্ট তাকে জামিন দেয়। এরপর আজ দুপুরে তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয় হয়।
আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সি কিউটিভ ম্যাজিস্ট্রেট কারাগারের অতিরিক্ত দায়িত্বরত কর্মকর্তা আসিফ উদ্দীন জানান, দুপুরে সাদ্দামের মুক্তি হয়ে গেছে। সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
সাদ্দামের ভাই শহিদুল ইসলাম বলেন, সাদ্দাম সন্ধ্যায় বাড়ি পৌঁচ্ছোনের পর তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন। সেখানে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :