• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬, ১৮:০৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন,
​"তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছো। তোমরা বাবা-মা’র নাম উজ্জ্বল করবে, দেশ ও জাতির জন্য কাজ করবে। আমাদের দায়িত্ব হলো তোমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু এই দায়িত্ব পালনে আমাদের সাথে তোমাদেরও সহযোগিতা করতে হবে।

​তিনি নবীন শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ভালো বন্ধু ভালো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এখন থেকে শিক্ষার্থীরা যেমন স্বাধীন, তেমনি দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্বও অনেক বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার জন্য সর্বোচ্চ পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,
​"প্রতি বছর তোমাদের পেছনে সরকারের অর্থাৎ দেশের সাধারণ মানুষের ট্যাক্সের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। এই টাকা দেশের খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও মেহনতি মানুষের রক্ত জল করা উপার্জনের টাকা। তাই দেশের এই সাধারণ মানুষের প্রতি আমাদের এক বিশাল ঋণ রয়েছে। আর এই ঋণ শোধ করার একমাত্র উপায় হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে নিয়োজিত থাকা।

ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা-সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দল বেঁধে একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে দেখা যায়। অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটিকে মুঠোফোনের ক্যামেরাবন্দী করে রাখেন। দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো যবিপ্রবি ক্যাম্পাস।

​ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:​ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, ​ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. মো. নাসিম রেজা, এবং অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ​রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, ​প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার, ​প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ​নবীন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই প্রমুখ।

​অনুষ্ঠানে যবিপ্রবির সকল বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা অনুষ্ঠানজুড়ে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।