উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ শুক্রবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দীর্ঘক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
মির্জা আব্বাসকে দেখতে যাওয়ার সময় মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।
দলীয় সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। দেশে প্রয়োজনীয় চিকিৎসা চললেও বিশেষায়িত পর্যবেক্ষণের জন্য তাকে বিদেশের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন মেডিকেল বোর্ড। আজ দুপুরের মধ্যেই তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :