• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪
ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের ট্রানজিট শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সফরকালে তিনি ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’-এ অবস্থান করবেন।

সফরের গুরুত্বপূর্ণ সূচি ও ২৪ সেপ্টেম্বর ভাষণ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্বাগত প্রাতরাশ সভা এবং উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

২৩ সেপ্টেম্বর জলবায়ু পদক্ষেপ, বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৪ সেপ্টেম্বর তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন। এছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন সরকারের গৃহীত পদক্ষেপ ও রূপরেখা তুলে ধরবেন।

দ্বিপক্ষীয় বৈঠক ও অর্থনৈতিক কূটনীতি
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিট এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সর্বোচ্চ বিশ্বমঞ্চে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ।