কেশবপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদাবাজি: ভুয়া আয়কর কর্মকর্তা উৎপলের ৬ মাসের জেল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬, ১৫:৩৪
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আদায়ের সময় উৎপল কুমার রায় (৩৩) নামে এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদর এলাকার মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎপল কুমার রায় আজ বৃহস্পতিবার কেশবপুরের সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান। নিজেকে সরকারের আয়কর কর্মকর্তা দাবি করে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় শুরু করেন। একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে তার প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। খবর পেয়ে প্রশাসন তাকে আটক করে।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারণার দায়ে উৎপলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, "গ্রেপ্তারকৃত ওই ভুয়া কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর জেলহাজতে প্রেরণ করা হবে।"
আপনার মতামত লিখুন :