যশোর সীমান্তে ১.৪১ কোটি টাকার স্বর্ণসহ ১ পাচারকারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ১৩:১২
স্টাফ রিপোর্টার :
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামে এক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। রোববার (২৬ জুলাই ২০২৬) ভোরে নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল ভোর ৪টা ৩০ মিনিটে নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটির অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, ৫০০ টাকা মূল্যের একটি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট সিজার মূল্য ১ কোটি একচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঁচাত্তর (১,৪১,৩৩,১৭৫) টাকা।
আটককৃত সুমন মন্ডল নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর থানার পাগলা এলাকার প্রাননাথ মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, স্বর্ণ চোরাচালান এ এলাকায় একটি ব্যাধির আকার ধারণ করেছে। অনেকে এটাকে পেশা হিসেবে গ্রহণ করে ধরা পড়ার পর জীবন বিপন্ন করছে। তিনি স্পষ্ট করেন, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রুখতে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ও নজরদারি সব সময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :