• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ শুরু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এক উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। সমাবেশ শেষে সকালে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের পথযাত্রা শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশে অন্যান্য শীর্ষ নেতাদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য শেষে লং মার্চের বহর ঢাকা ত্যাগ করে।

সংগঠনের নেতারা জানান, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তাদের এই দীর্ঘযাত্রা।

নির্ধারিত রুট অনুযায়ী চট্টগ্রাম পৌঁছানোর পথিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পথসভা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে লংমার্চ কর্মসূচি শেষ হবে।