• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ জন আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার শার্শা, কোতোয়ালি ও চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল শার্শা থানার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাভারন মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম রেজার মুসলিম হোটেলের সামনে পাকা রাস্তা থেকে শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), আব্দুল্লাহ আল হুসাইন (২৬) এবং সবুজ সুলতান (২৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহিন হোসেন ওরফে শাহিন আলম শার্শা থানার বেরি পশ্চিমপাড়া গ্রামের আকিজ উদ্দিনের ছেলে। আব্দুল্লাহ আল হুসাইন একই এলাকার মনিরুজ্জামানের ছেলে। সবুজ সুলতান ঝিকরগাছা থানার মির্জাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এরপর রাত ১০টা ৪০ মিনিটের দিকে ডিবির এসআই সামিউল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি থানার তরফ নওয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের একটি মুদির দোকানের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে মো. আজিজুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজিজুল ইসলাম তরফ নওয়াপাড়া গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।

অন্যদিকে, রাত ১০টায় মিনিটের দিকে ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে চৌগাছা থানার ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মো. সোহাগ ইসলাম তোতা (২৭) নামে একজনকে  আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোহাগ ইসলাম তোতা ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাতগাছিয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ডিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।