চৌগাছায় বাবার কোদালের হাতলের আঘাতে পুলিশ সদস্যের সাবেক স্বামীর মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় বাবার কোদালের হাতলের আঘাতে আহত ছেলে তরিকুল ইসলামের (৩৫) ঢামেকে মৃত্যু হয়েছে। নিহত তরিকুল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে বাংলাদেশ পুলিশের সদস্য (কনস্টেবল) সাথীর সাবেক স্বামী।
২০ জানুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে তাদের বাড়ির সামনে নিজেদের মুদি দোকানে ঘুমন্ত ছেলেকে কোদালের হাতল (লাঠি) দিয়ে আঘাত করেন তার বাবা। চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারী মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২০ জানুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের বসত বাড়ির সামনে মুদি দোকানের মধ্যে তরিকুল ইসলাম (৩৫) ঘুমিয়ে ছিলেন। এসময় তার বাবা রবিউল ইসলাম (৫৭) কোদালের হাতল (আছাড়ি) দিয়ে আঘাত করেন। এতে তরিকুল মারাত্মক আহত হলে স্থানীয়রা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের অবস্থার অবনতি হওয়ায় ২১জানুয়ারী ২.৩০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখার সময় (সকাল সাড়ে ১০টা) মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছিলো।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, ছেলেটি বাবার একমাত্র সন্তান। সে নেশা (মাদক সেবন) করতো। পুলিশ সদস্য সাথীর সাথে বিয়ে বিচ্ছেদের পর আরও তিনটি বিয়ে করে। এসব নিয়ে পারিবারিক কলহ ছিলো। গত পরশু তার বাবা তাকে আঘাত করে। গত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তিনি বলেন, মৃতদেহ বাড়িতে আনার চেষ্টা করছে তার পরিবার।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :