• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার  রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ কারিগর আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ আগস্ট) ভোর ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরব হোসেন তুষারকে গ্রেপ্তার করে। তিনি যশোরের কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, নিহত আল আমিন হোসেন পেশায় একজন স্বর্ণ কারিগর। যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার একটি দোকান রয়েছে। গত ২০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো তিনি দোকানে যান। দোকানে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে। এ জন্য দ্রুত বারান্দীপাড়া লিচুতলা এলাকায় যেতে বলা হয়।

ফোন পাওয়ার পর আল আমিন মোটরসাইকেলযোগে লিচুতলার উদ্দেশে দোকান থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একই দিন বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা খবর পান, আল আমিনকে হত্যা করে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিচুতলা মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে আল আমিনের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সৌরব হোসেন তুষারকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও অন্যান্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।