• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬, ১৭:২৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
“জুলাইয়ের ২য় বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বিনির্মাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি যশোর শহরের ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়টানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। মিছিলের কারণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের জন্য গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ, জাতি ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল সম্পাদক ড. জায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল, অফিস সম্পাদক আবু হাসান, অর্থ সম্পাদক আরাফাত হুসাইন, এইচআরডি সম্পাদক রাসেল ফারহান, সাহিত্য সম্পাদক মুহিবুল্লাহ হুসাইন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জাহিদ হাসান, আইন সম্পাদক আল মামুনসহ যশোর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।