যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১
স্টাফ রিপোর্টার :
বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রভাবের মধ্যে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে যশোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের বড়বাজার, এইচ এম এম রোড ও কাপুড়িয়া পট্টিসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা। এ ছাড়া যশোর জেলা, নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিতরণকৃত লিফলেটে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, আলু, চিনি, মাছ, মাংস ও ডিমসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে ২০২৪ ও ২০২৫ সালের বাজারদরের সঙ্গে বর্তমান দরের তুলনা করে কয়েকটি পণ্যের দাম কমার এবং কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকার তথ্য উল্লেখ করা হয়।
এ ছাড়া লিফলেটে খাদ্য মূল্যস্ফীতি হ্রাস, সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি, কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ এবং ওএমএস ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের তথ্য ফুটিয়ে তোলা হয়। গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ, নিত্যপণ্যের বর্তমান বাজারদর এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যও এতে অন্তর্ভুক্ত ছিল।
লিফলেটে উল্লিখিত তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য বিক্রির এসব উদ্যোগ সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য ছিল সরকারের বাজার ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সর্বসাধারণের মাঝে সচেতনতা তৈরি করা।
আপনার মতামত লিখুন :