• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে দানবাক্স ও প্রণামী বাক্সের টাকা চুরি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬, ১০:৫৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
​যশোর শহরের বড় বাজারস্থ এইচ এম এম রোডের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর চক্র মন্দিরের সিসি ক্যামেরা ভাঙচুর করে দানবাক্স ও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুটে নেয়।

​মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই মন্দিরের লোকজন রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে চোরেরা অত্যন্ত কৌশলে মন্দিরের ছাদের সিঁড়ি ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে আলামত নষ্টের চেষ্টা চালায়।

​পরবর্তীতে চোর চক্র মন্দিরে থাকা দুটি দানবাক্স এবং একটি প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। মন্দির কমিটির ধারণা, দানবাক্স দুটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা এবং প্রণামী বাক্সে আরও ৫ থেকে ১০ হাজার টাকা ছিল। সকালে মন্দিরের লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ছাদের ওপর তিনটি খালি বাক্স পড়ে থাকতে দেখেন।

​"আমরা সকালে উঠে চুরির বিষয়টি বুঝতে পারি। পরে ছাদ থেকে খালি বাক্সগুলো উদ্ধার করা হয়েছে। আশেপাশের লোকজন ও মন্দির কমিটির সাথে আলোচনা করে থানায় অভিযোগ জানাতে কিছুটা সময় লেগেছে।

​এই ঘটনায় রোববার দুপুরে মন্দির কমিটির সভাপতি শ্যামল ঘোষ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে বিকাশ চন্দ্র ঘোষ ও দীপ্ত রায়সহ স্থানীয় প্রতিবেশীরা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

​কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এবং চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।