দেশকে এগিয়ে নিতে হলে আগে পরিবর্তন আনতে হবে শিক্ষায় : শিক্ষামন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬
স্টাফ রিপোর্টার :
দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “শিক্ষায় পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি—আমার কোনো ভুল হলে জনপ্রতিনিধিরা যেন আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করান। আমি জবাবদিহি করতে প্রস্তুত।”
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোরের পিটিআই অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র সচিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে যশোর শিক্ষা বোর্ড।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যার ফলে নকলের সংস্কৃতি বিস্তার লাভ করে। বর্তমানে সেই নকল আরও আধুনিক রূপ নিয়ে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের জন্য একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি। তাই এসএসসি ও সমমানের পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগমসহ স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মো. মতিউর রহমান, ডা. মুসলেহউদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম, জি এম নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নকল প্রতিরোধ এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :