• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পহেলা বৈশাখে মিলবে ‘কৃষক কার্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সরকার প্রান্তিক কৃষকদের ভাগ্যবদল এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। আগামী পহেলা বৈশাখের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হবে ‘ই-হেলথ কার্ড’। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ জানান, পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের এই কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের আদলে এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদন, বিপণন ও সরাসরি সরকারি সুবিধা পাবেন। এর ফলে দেশের কৃষিজমি ও ফসলের সঠিক তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে।

জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে সংস্কার করে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করতে হবে। এলজিইডির ১৭০টি পরিত্যক্ত ভবনসহ দেশের অন্যান্য সংস্থার অব্যবহৃত ভবনগুলো এখন ক্লিনিক হিসেবে ব্যবহৃত হবে।

বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি চারাগাছ রোপণ করা হবে। সরকার এখন তৈরি পোশাক খাতের পর ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালি বন্ধের কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকটের শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।