‘বিশ্বকাপ নেই বলে হাহুতাশ করে মরব না’: সালাউদ্দিন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৬
ক্রীড়া প্রতিবেদক :
দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, অথচ সেখানে নেই বাংলাদেশ। ভেন্যু সংক্রান্ত জটিলতায় আইসিসির সঙ্গে বনিবনা না হওয়ায় লাল-সবুজের প্রতিনিধিদের বদলে খেলছে স্কটল্যান্ড। এমন এক বিষণ্ণ আবহে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। টুর্নামেন্টে ধূমকেতু একাদশের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন আজ স্পষ্ট জানিয়ে দিলেন—যা নেই, তা নিয়ে পড়ে থাকার মানুষ তিনি নন।
বিশ্বকাপ মিস করা প্রসঙ্গে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, “আমি তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটা নিয়ে হাহুতাশ করে মরে যাব। কাল বাঁচব কি না জানি না, তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানে যা আছে, তাতেই সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার লক্ষ্য এখনকার খেলাটা কীভাবে উন্নতি করা যায়।”
দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানের মানসিকতা টেনে সালাউদ্দিন এক দারুণ উদাহরণ দেন। তিনি বলেন, “আমি মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম ও কী অনুভব করছে। ও বলেছে—যা চলে গেছে, তা তো চলেই গেছে। মুস্তাফিজের মতো এই মানসিকতা সবার থাকা উচিত। যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে মাথা ঘামানো বোকামি।”
বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় ক্রিকেট মহলে যে দুশ্চিন্তা কাজ করছে, তা নিয়ে স্বভাবসুলভ ঢঙে সালাউদ্দিন বলেন, “দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন? কাল যে বাঁচবেন, তার নিশ্চয়তা দিতে পারবেন?”
বিশ্বকাপের আক্ষেপ থাকলেও ‘অদম্য বাংলাদেশ’ কাপকে ছোট করে দেখছেন না এই অভিজ্ঞ কোচ। তার মতে, “এখানে দেশের সেরা ৪৫ জন ক্রিকেটার খেলছে। টুর্নামেন্টটির গুরুত্ব অনেক বেশি এবং আমরা সেভাবেই বিষয়টিকে দেখছি।”
আপনার মতামত লিখুন :