ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়,এলো ৩.১৭ বিলিয়ন ডলার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর হিড়িক পড়েছে। ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা রেকর্ড ৩ দশমিক ১৭ বিলিয়ন (৩১৭ কোটি) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৫ দশমিক ১ শতাংশ।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং এরপরই রমজান শুরু হতে থাকায় প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এছাড়া নির্বাচনি প্রচারণায় অংশ নিতে অনেক প্রবাসী অর্থ সহায়তা পাঠাচ্ছেন বলেও ধারণা করা হচ্ছে। বৈধ পথে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং হুন্ডির চাহিদা কমে যাওয়াকেও এই প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত ২০২৫ সালের মার্চ মাসে। দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত ডিসেম্বর মাসে (৩২২ কোটি ডলার)। সেই ধারাবাহিকতায় জানুয়ারি মাসেও ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল প্রবাসী আয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ১ হাজার ৯৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো এই বাড়তি অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ২৮ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আপনার মতামত লিখুন :