১৩ বছর আগের ঘটনায় যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ অগাস্ট ২০২৬, ১৯:৩০
নিজস্ব প্রতিবেদক
যশোরের জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় নেতাকে মারধর, হাত-পা ভেঙে দেওয়া ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টার অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দীর্ঘ ১৩ বছর পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বিচারক অভিযোগ পর্যালোচনা করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তহিদুর রহমান ওরফে ফন্টু চাকলাদার, যশোর পৌরসভার সাবেক মেয়র রেন্টু চাকলাদার এবং স্থানীয় সহযোগী শফি (পাইপ শফি), কালাম, রুবেল ও রিন্টু।
মামলার বিবরণী অনুযায়ী, ২০১৩ সালের ১৩ জুলাই সন্ধ্যায় তহিদুর রহমান ফন্টু চাকলাদারের ফোন পেয়ে বাদী নূরনবী শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অফিসে যান। সেখানে পৌঁছানোর পর আসামিরা অস্ত্রের মুখে তাকে মোটরবাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী সময়ে শাহীন চাকলাদার ঘটনাস্থলে এসে তাকে গালিগালাজ করে হত্যার নির্দেশ দেন।
অভিযোগে আরও বলা হয়, এরপর তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে কাজীপাড়া আমতলা রোডের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ফেলে তার দুই চোখ, পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। পাশাপাশি লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়। হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘদিন পর মামলা দায়েরের প্রসঙ্গে বাদী নূরনবী সাংবাদিকদের জানান, আসামি পক্ষ প্রভাবশালী ও সশস্ত্র হওয়ায় তৎকালীন সময়ে রাজনৈতিক ভয়ভীতি ও নিরাপত্তার অভাবে তিনি আইনের আশ্রয় নিতে পারেননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায়বিচারের আশায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
আপনার মতামত লিখুন :