নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের তালতলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা দুজনেই সম্পর্কে প্রতিবেশী এবং বন্ধু ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি নাদরার দিকে ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য শামিম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুই যুবকের এমন অকাল মৃত্যুতে তাদের নিজ গ্রাম নাদরায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :