কেশবপুরের সন্তান হাদীউজ্জামান যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ০৯:২০
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. হাদীউজ্জামান সোহাগ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় যশোর জেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি যশোর সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার ৮টি উপজেলার ৩০৭টি মাদ্রাসার শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
বর্তমানে তিনি আলহাজ্ব মতিউর রহমান যশোর মহিলা ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক (আরবী) হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীবান্ধব পাঠদান পদ্ধতির কারণে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত প্রশংসিত।
ড. হাদীউজ্জামান সোহাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে একাডেমিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন।
তাঁর এ অর্জনে পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ সম্মানজনক স্বীকৃতির জন্য তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন।
ড. হাদীউজ্জামান সোহাগ কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোবাশ্বার হোসেন ও বেগম রাজিয়া হোসেনের ছেলে।
আপনার মতামত লিখুন :