• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নীরবতা ভেঙে সুরক্ষার অঙ্গীকার: যশোরে যুব ও প্রজনন স্বাস্থ্য অধিকার নেটওয়ার্ক গঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ১৪:৫৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
"নীরবতা ভেঙে সুরক্ষা গড়ি, শারীরিক মর্যাদায় অধিকার নিশ্চিত করি"—এই স্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের যুব ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) নেটওয়ার্ক গঠন ও ওরিয়েন্টেশন সেশন। বুধবার (০৬ মে) শহরের জয়তী হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে ইয়ুথ-শেয়ার নেট প্রকল্পের আওতায় এই বিশেষ সেশনটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোরের চাইল্ড রাইটস অফিসার  আবু সাঈদ সরকার। তিনি বলেন, "সামাজিক রক্ষণশীলতার কারণে আমাদের দেশে প্রজনন স্বাস্থ্য আজও আড়ালের বিষয় হয়ে আছে। বিশেষ করে দলিত ও প্রান্তিক তরুণ-তরুণীরা সঠিক তথ্যের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই নেটওয়ার্ক গঠনের মাধ্যমে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে আসবে।

এমপ্লিফাই চেঞ্জ-এর অর্থায়নে এবং রেডঅরেঞ্জ বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'দলিত' এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের মাঝে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা।
অনুষ্ঠানে জানানো হয়, এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ২০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণীকে নিয়ে একটি 'জেলা যুব দল' গঠন করা হয়েছে। এই দলটিই ভবিষ্যতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। তারা স্থানীয় পর্যায়ে আরও ২০টি উপ-দল গঠন করবে, যার মাধ্যমে খুলনার প্রায় ২০০ জন প্রান্তিক তরুণের কাছে প্রজনন স্বাস্থ্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।

সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাকিরুন আক্তার এবং অর্থ ব্যবস্থাপনায় ছিলেন প্রতাপ কুমার দাশ (ফাইনান্স অফিসার, দলিত)। বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে এই যুব প্রতিনিধিদের ভূমিকা হবে অগ্রগণ্য। তারা 'শেয়ার-নেট বাংলাদেশ'-এর মতো বিশেষজ্ঞ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে দলিত তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় যুব ক্লাবের সদস্যসহ ২০ জন প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিচিতি পর্ব, প্রজনন স্বাস্থ্য বিষয়ক দলীয় আলোচনা এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।