যশোরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৫:৩৭
স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ শুক্রবার শহরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে এই বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনীর আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর অধীনে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। তিনি তাঁর বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজ্ঞানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন সরকারি মাইকেল মধুসূদন (এম.এম.) কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।
দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। মেলায় খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন দেখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :